উজানের ঢল এবং টানা ভারী বর্ষণের প্রভাবে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি আবারও বিপৎসীমা অতিক্রম করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৮টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১৬ মিটার (এমএসএল), যা নির্ধারিত বিপৎসীমার চেয়ে ১ সেন্টিমিটার বেশি। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারাজের সব জলকপাট খুলে দেওয়া হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার (এমএসএল)। উজানের পাহাড়ি ঢল এবং গত কয়েক দিনের ধারাবাহিক বৃষ্টিপাতের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
পানির প্রবাহ আরও বাড়লে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চল এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তিস্তার পানি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। উজানের ঢল অব্যাহত থাকলে নদীর পানির উচ্চতা আরও বৃদ্ধি পেতে পারে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে অবহিত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, ‘উজানের ঢল ও বৃষ্টির কারণে আজ মধ্যরাত পর্যন্ত তিস্তার পানি আরও বাড়তে পারে। আগামী তিন দিন এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে পানি সাময়িকভাবে কমলেও নদীতীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকা উচিত।’
সকালের মধ্যেই ১২ জেলায় ঝড়ের আভাস
৬ নদীর পানি বিপৎসীমার ওপরে
জোরালো হচ্ছে ‘এল নিনো’, ভয়াবহ দুর্যোগের আভাস