নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর বাস, নিহত ৬

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম

বগুড়ার এরুলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের ওপর উঠে গেলে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহতদের হাসপাতালে পাঠান। চিকিৎসকদের মতে, আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর।

বগুড়া পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Maz
আরও পড়ুন