দিনাজপুর শিক্ষা বোর্ডের ১৮ বিদ্যালয়ে পাস করেনি কেউ

আপডেট : ১০ আগস্ট ২০২৬, ০৬:৪৩ পিএম

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১৮টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব বিদ্যালয় থেকে মোট ১২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও সবাই অকৃতকার্য হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ফলাফল প্রকাশ করা হয়।

দিনাজপুর বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী রংপুর বিভাগের আট জেলার ১৮টি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় মোট ১২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। তবে এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি।

শূন্য পাসের তালিকায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কুমারপুর উচ্চ স্কুল থেকে ১৮ জন এবং ঘাসিপুর উচ্চ স্কুল থেকে ১৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার উত্তর দামোদরপুর কাজীপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং পলাশবাড়ী উপজেলার মনোহারপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নেয়। নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিলেও পাস করতে পারেনি কেউ। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালতলা উচ্চ স্কুল থেকে ১২ জন, ব্রাহ্মণপাড়া উচ্চ স্কুল থেকে চারজন, সদর উপজেলার পূর্ব কুমারপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চারজন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এসব বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার এএম রাথবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন পরীক্ষার্থী অংশ নেয়। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ১৯ জন। এ দুটি বিদ্যালয় থেকেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা আদর্শ উচ্চ স্কুল থেকে চারজন, অনভারডিঘি উচ্চ বিদ্যালয় থেকে সাতজন, মাধবপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন, তাওরিগাঁ উচ্চ বিদ্যালয় থেকে পাঁচজন এবং হরিপুর উপজেলার রামপুর ভাতুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলে এসব বিদ্যালয়ের পাসের হার শূন্য। এছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলার বালারামহাট মডেল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একজন এবং বোদা সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তিনজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি।

ফলাফল বিশ্লেষণে দেখা যায় এসব ১৮টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১২৪ শিক্ষার্থীর মধ্যে একজনও উত্তীর্ণ না হওয়ায় বিদ্যালয়গুলোর পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে। বিষয়টি সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর শিক্ষার মান, পাঠদান পদ্ধতি ও শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বোরহান উদ্দিন বলেন শিক্ষার মানোন্নয়নের বিষয়টি বিবেচনায় নিয়েই পরীক্ষা ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হওয়ার কারণ অনুসন্ধান করা হবে। প্রয়োজনীয় তদন্ত শেষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

AHA
আরও পড়ুন