রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল, ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিতরণ

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১০:০১ পিএম

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁওয়ের সন্তান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন। পরে বের করা হয় আনন্দ র‍্যালি।

রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণার পর দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা জেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হন। তাঁরা পরস্পরকে মিষ্টি খাওয়ান এবং আনন্দ প্রকাশ করেন। পরে একটি র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন এলাকা।

স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু বিএনপির শীর্ষ নেতা নন, ঠাকুরগাঁওয়ের মানুষের কাছেও তিনি দীর্ঘদিনের পরিচিত মুখ। তাঁর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়াকে জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয় হিসেবে দেখছেন তাঁরা।

স্থানীয় বাসিন্দারাও মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। জুয়েল রানা নামের এক বাসিন্দা বলেন, ঠাকুরগাঁওয়ের একজন মানুষ দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত ও গর্বিত। তিনি আশা করেন, মির্জা ফখরুল দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। জেলার বিভিন্ন এলাকায় এ নিয়ে উৎসবের আমেজ দেখা যায়।

Attr
আরও পড়ুন