বর্তমান সরকার শিক্ষকদের সঠিক মূল্যায়ন করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষকরা অনেক সময় দল করে, মব করে আন্দোলনের মতো একটা অবস্থা তৈরি করেন। এটা আপনাদের সম্মানের সঙ্গে যায় না।
সোমবার (৩১ আগস্ট) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’ শীর্ষক প্রকল্পের আওতায় প্রধান শিক্ষকদের ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘এলাকাবাসীদের স্কুলের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমি যত জায়গায় যাই এলাকাবাসীরা সরকারি স্কুলের সঙ্গে সম্পৃক্ত না।
তার পাশে বেসরকারি যে স্কুল আছে, যদি গরীব স্কুলও হয়, সেই স্কুলের সঙ্গে কানেক্টেড। ওই স্কুলের খবর রাখে, সরকারি প্রাথমিকের খবর কেউ রাখে না।’
তিনি বলেন, ‘আপনাদের স্কুলের যেসব পুরনো শিক্ষার্থী রয়েছেন, তাদেরও স্কুলের সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এতে স্কুলের প্রতি সবার দায়িত্ববোধ তৈরি হবে এবং বিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।
ম্যানেজিং কমিটি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘ম্যানেজিং কমিটি কোনো রাজনৈতিক বিষয় নয়। স্কুলের এলাকার মানুষের অংশগ্রহণের ভিত্তিতে এই কমিটি গঠন করা হবে। এর মূল উদ্দেশ্য হলো এলাকাবাসীকে বিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত করা। এর ফলে বিদ্যালয়টি আরো ভালোভাবে পরিচালনা করা সম্ভব হবে।’
ববি হাজ্জাজ বলেন, ২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হবে।
স্কুল ফিডিংয়ের মাধ্যমে কোনো শিশু যেন বিদ্যালয়ের বাইরে না থাকে এবং ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে।
মত বিনিময় সভায় প্রধান শিক্ষকরা অভিযোগ জানিয়ে বলেন, ‘স্কুল ফিডিং কর্মসূচির সঙ্গে প্রধান শিক্ষকদের কোনো সম্পৃক্ততা নেই। ঠিকাদাররা শিশুদেরকে নিম্নমানের খাবার দিচ্ছে। তারা অনেক পাওয়ার ফুল, শিক্ষকদের পাত্তাই দেয় না। ছোট কলা দেয়, কাঁচা দেয়, ডিম ছোট-বড় দেয়, ভালোভাবে সিদ্ধ হয় না, নানান সমস্যা। কিছু বলতে গেলে তারা রাজনৈতিক পরিচয় দেয়।’
অভিযোগ শোনার পর প্রতিমন্ত্রী তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেন শিক্ষকদের আশ্বস্ত করেন।
জেলা প্রশাসক রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুল হাসান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কর্মসূচি প্রকল্প পরিচালক মো. আবুল আমিন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বাজেট ও অডিট) মিজ ইসরাত জাহান, দিনাজপুর পুলিশ সুপার মো. জেদান আল মুসা।
রামুতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি
নাটোরে লাশবাহী অ্যাম্বুলেন্সে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৮