ভর্তুকির সার মজুতের অভিযোগে ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ পিএম

বগুড়ার ধুনটে সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চার ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তাদের কাছ থেকে ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মথুরাপুর ও খাদুলি চারমাথা বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। অভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত খাদুলি চারমাথা বাজারের ব্যবসায়ী মোখলেসকে ৫০ হাজার টাকা, বেলাল হোসেনকে ৩০ হাজার টাকা এবং আব্দুল মোমিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। অন্যদিকে মথুরাপুর বাজারের ব্যবসায়ী মোহসিন আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে বেলাল হোসেনের দোকান থেকে ১৪ বস্তা, মোখলেসের কাছ থেকে ২৮ বস্তা, আব্দুল মোমিনের কাছ থেকে ১১ বস্তা এবং মোহসিন আলমের কাছ থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়।

এ ছাড়া আব্দুল মোমিনের দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক পাওয়া গেলে সেগুলোও জব্দ করে পরে ধ্বংস করা হয়।

ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম বলেন, সরকারি ভর্তুকির সার অবৈধভাবে মজুত ও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এমসিএইচ
আরও পড়ুন
সর্বশেষপঠিত