ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম ।
গত রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন। পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ।
মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহকারী মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশে জনগণের কাছে যেতে চায়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোট হলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার সুযোগ পাবেন বলে তারা আশা করছেন।
দেলাওয়ার হোসেনের প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ বলেন, তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালাতে চান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
বরিশাল-ঢাকা আকাশপথে নিয়মিত ফ্লাইট চালুর দাবি
বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ