হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, হেলপার নিহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পিএম

হবিগঞ্জের মাধবপুরে এনা পরিবহনের বাসের সঙ্গে হাঁসবোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার (৩২) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনায় পিকআপে থাকা প্রায় ৫০০ হাঁসও মারা গেছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার রতনপুর ম্যাটাডোর কোম্পানির দক্ষিণ-পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরুল সাহেদ জানান, সিলেটগামী এনা পরিবহনের একটি বাস ও ঢাকামুখী হাঁসবোঝাই পিকআপ মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপের হেলপার ঘটনাস্থলেই নিহত হন। আহত প্রায় ১০ জনকে হবিগঞ্জ ও মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও মাধবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ উদ্ধার করেন। পরে সরকারি রেকারের মাধ্যমে যানবাহন দুটি ডাম্পিং করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ওসি ইমরুল সাহেদ বলেন, নিহত হেলপারের নাম-ঠিকানা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এম.সি.এইচ
আরও পড়ুন