জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ করে বিশ্বের কাছে গণহত্যার তথ্য গোপন করার নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য জানান।
গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট ব্ল্যাকআউট ও গণহত্যা মামলার শুনানি চলাকালে প্রসিকিউশন তাদের সূচনা বক্তব্য পেশ করে। সেখানে অভিযোগ করা হয়, সজীব ওয়াজেদ জয় ছিলেন এই পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ বা মূল পরিকল্পনাকারী। আর জুনাইদ আহমেদ পলক সেই পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়নের মূল ভূমিকা পালন করেন। তাদের মূল উদ্দেশ্য ছিল তৎকালীন সরকারের চালানো গণহত্যার চিত্র যাতে আন্তর্জাতিক মহলে পৌঁছাতে না পারে, সেজন্য তথ্যপ্রবাহ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, এই মামলায় সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশব্যাপী দীর্ঘ সময় ইন্টারনেট বন্ধ রাখা হয়। মামলায় অভিযোগ করা হয়েছে, আইসিটি মন্ত্রণালয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করে বিশ্ববিবেক ও গণমাধ্যমের কাছ থেকে আন্দোলনকারীদের ওপর চালানো নৃশংসতার খবর আড়াল করার চেষ্টা করা হয়েছিল।
মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়েছে: পলক
