রাজধানীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ এপ্রিল নতুন তারিখ ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এ মামলার প্রতিবেদন দাখিলের পূর্বনির্ধারিত দিন ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক সহিদুল ওসমান মাসুম প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম নতুন এই দিন নির্ধারণ করেন।
আলোচিত এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত লায়লা ফিরোজের স্বামী আ জ ম আজিজুল ইসলাম বাদী হয়ে গত ৮ ডিসেম্বর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার মাত্র তিন দিন আগে ৫ ডিসেম্বর আয়েশা নামের এক নারী ওই বাসায় খণ্ডকালীন গৃহকর্মী হিসেবে কাজ শুরু করেন। ৮ ডিসেম্বর সকালে বাসার মালিক আজিজুল ইসলাম তার কর্মস্থল উত্তরায় চলে যান। পরে তার স্ত্রীর মোবাইলে বারবার ফোন করেও কোনো সাড়া না পেয়ে বেলা ১১টার দিকে বাসায় ফিরে আসেন। ঘরে ঢুকে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় মৃত এবং মেয়েকে গুরুতর জখম হয়ে পড়ে থাকতে দেখেন। পরে মেয়েকেও উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গৃহকর্মী আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে বাসায় প্রবেশ করেন এবং ৯টা ৩৫ মিনিটে একটি মোবাইল, ল্যাপটপ ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যান। বাদী নিশ্চিত হন যে, ওই সময়ের মধ্যেই তার স্ত্রী ও সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
উল্লেখ্য, এই মামলায় গ্রেপ্তার হওয়া গৃহকর্মী আয়েশা আক্তার ও তার স্বামী রাব্বি ইতোমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বর্তমানে মামলাটি অধিকতর তদন্তাধীন রয়েছে।
মা-মেয়ে হত্যা, সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য
