রাজধানীর গুলশান-২ এলাকায় ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে চার্জগঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।
রোববার (২৮ জুন) সকালে ঢাকার বিশেষ জজ-৫-এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত নতুন এ তারিখ নির্ধারণ করেন।
দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, এদিন মামলাটির চার্জগঠন বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে জামিনে থাকা আসামি সরদার মোশাররফ হোসেনের পক্ষে সময়ের আবেদন করা হলে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন।
এর আগে গত ৮ এপ্রিল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় ঢাকার বিশেষ জজ-৫ আদালতে বদলির নির্দেশ দেন।
এরও আগে গত ১৮ ফেব্রুয়ারি আদালত টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্র আমলে নেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশান-২ এলাকায় ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট গ্রহণের ঘটনায় গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই গুলশান-২ এলাকার ইস্টার্ন হাউজিং লিমিটেডের একটি ফ্ল্যাট দখলে নেন এবং পরে সেটি নিজেদের নামে রেজিস্ট্রি করেন।
মামলা দায়েরের পর চলতি বছরের জুলাই মাসে মামলার আসামি শাহ মো. খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তার বিরুদ্ধে তদন্ত তিন মাসের জন্য স্থগিত করেন। পরে বিষয়টি চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়। এরপর গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।
রাজধানীতে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ, গ্রেপ্তার ৩
বিয়েতে ১শর বেশি অতিথি হলে কর নেওয়ার প্রস্তাব এমপির
মেট্রোরেলে অর্ধেক ভাড়ার সুযোগ, কাদের জন্য এই সুবিধা