হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম। সোমবার (১০ আগস্ট) হাইকোর্ট তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় গাজী নজরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২১ জুলাই রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান।
মামলার এজাহারে ওবায়দুর রহমান অভিযোগ করেন, এমপি গাজী নজরুল ইসলামের কথিত অনৈতিক সম্পর্কের প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাকে সন্দেহ করে তার ওপর হামলা ও মারধর করা হয়। এ ঘটনায় গাজী নজরুল ইসলাম ছাড়াও তার পাঁচ সহযোগীকে আসামি করা হয়েছে।
মামলায় আগাম জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন ৭৪ বছর বয়সী গাজী নজরুল ইসলাম। সোমবার সেই আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
আদালতে গাজী নজরুল ইসলামের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
জামায়াত থেকে বহিষ্কার সাতক্ষীরার এমপি গাজী নজরুল