ফের গ্রেপ্তার সাবেক মেজর সাদিক

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০২:৩১ পিএম

কারামুক্তির আগেই নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক মেজর মো. সাদিকুল হক সাদিককে।

ঢাকার খিলক্ষেত থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার না দেখানোর আদেশের পরও তার কারামুক্তি আটকে গেল।

মঙ্গলবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। এর আগে গত রোববার খিলক্ষেত থানার উপপরিদর্শক মো. শাহজালাল তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য মঙ্গলবার আসামিকে আদালতে হাজির করা হয়।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তারেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর সাদিককে ২০২৪ সালের ২৯ অক্টোবর সামরিক আদালত তিন মাসের কারাদণ্ড দেয়। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। পরে ভাটারা থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হলে তিনি কারাগারেই ছিলেন।

সম্প্রতি বসুন্ধরা এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছিল। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা দাবি করেছিলেন, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করতে ওই ঘটনা ঘটানো হয় এবং তদন্তে সাদিকের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

তবে সাদিকের আইনজীবী এইচ এম আল-আমিন আদালতে যুক্তি দেন, ওই ঘটনার সময় সাদিক কারাগারে ছিলেন। পরে তদন্ত কর্মকর্তার লিখিত ব্যাখ্যা পর্যালোচনা করে আদালত তাকে ওই মামলায় গ্রেপ্তার না দেখানোর আদেশ দেন।

এর মধ্যেই খিলক্ষেত থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।

মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের ১৭ মে খিলক্ষেত বাজারসংলগ্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে সেনাবাহিনী থেকে বরখাস্ত কয়েকজনকে আটক করে পুলিশ। অভিযোগ রয়েছে, তারা ‘সহযোদ্ধা’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন এবং বাহিনীর ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ঢাকা সেনানিবাসের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করেন।

এ ঘটনায় ঢাকা সেনানিবাসের সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার কর্মকর্তা আজিজুল ইসলাম পরদিন খিলক্ষেত থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন।

AM/YA
আরও পড়ুন
সর্বশেষপঠিত