রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার সুমন

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭ এএম

সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক ওরফে ব্যারিস্টার সুমনকে করাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (২৭ অক্টোবর) ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়, এ মসয় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যুবদল নেতা ও মিরপুরের বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যাচেষ্টার মামলায় সোমবার (২১ অক্টোবর) রাতে মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।

এরপর মঙ্গলবার (২২ অক্টোবর) ব্যারিস্টার সুমনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুল হালিম। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৯ জুলাই হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর-১০ নম্বরে সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়।

সমাবেশে হামলাকারীরা ককটেল বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন হৃদয়। এ ঘটনায় ২৩ সেপ্টেম্বর তিনি মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি ব্যারিস্টার সুমন।

MB/FI
আরও পড়ুন