সৌদি আরবের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আল-জামিমা সীমান্তপথে অবকাঠামো নির্মাণের জন্য অর্থ বরাদ্দ অনুমোদন করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি। ২০২৭ সালে সীমান্তপথটি চালুর লক্ষ্য সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত পর্যন্ত মহাসড়ক সংস্কারের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ ও স্থানীয় অর্থনীতিকে চাঙা করার পরিকল্পনা রয়েছে।
ইরাকের আল-মুথান্না প্রদেশের গভর্নর তৌফিক আল-হাসানি শনিবার (২৩ অক্টোবর) জানান, সামাওয়াহ শহর থেকে সৌদি সীমান্তের আল-জামিমা পর্যন্ত সংযোগকারী মহাসড়ক সংস্কার এবং সীমান্তে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে বাণিজ্যিক কার্যক্রম বাড়বে। এতে স্থানীয় অর্থনীতিও উপকৃত হবে। পাশাপাশি আইনগত কাঠামো অনুযায়ী সীমান্তপথ থেকে পাওয়া রাজস্বের সুফল পাবে প্রাদেশিক প্রশাসন।
গভর্নর জানান, সীমান্তপথটি চালুর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করতে স্থানীয় সরকার ও প্রাদেশিক পরিষদ যৌথভাবে কাজ করছে। আল-মুথান্না প্রদেশের অর্থনৈতিক ও উন্নয়নমূলক অগ্রগতির জন্য প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ইরাকের সাবেক সংসদ সদস্য হায়দার আল-মুল্লা বলেন, এ উদ্যোগ প্রতিবেশী আরব ও অনারব দেশগুলোর সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও পরিবহন খাতে সম্পর্ক বাড়াতে ইরাকি সরকারের প্রচেষ্টার প্রতিফলন। সৌদি আরব, তুরস্ক ও সিরিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং জ্বালানি পরিবহনের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন ইরাকের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমানে ইরাক ও সৌদি আরবের মধ্যে আল-আনবার প্রদেশে অবস্থিত আরার সীমান্তপথ চালু রয়েছে। প্রায় ২৯ বছর বন্ধ থাকার পর ২০২০ সালে এটি আবার খুলে দেওয়া হয়। অন্যদিকে, আল-মুথান্না প্রদেশের মরুভূমি এলাকায় অবস্থিত আল-জামিমা ঐতিহাসিকভাবে অন্যতম প্রধান হজযাত্রার পথ হিসেবে পরিচিত।
এদিকে, নাজাফ প্রদেশের এক স্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সীমান্ত বেড়ায় কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী আল-জাইদিও সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে বাগদাদের আগ্রহের কথা জানান। সূত্র: আরব নিউজ
জ্বালানি সংকট নিয়ে সম্পূর্ণ মিথ্যা তথ্য ছড়াচ্ছেন ট্রাম্প: জেলেনস্কি
হিজাবের কারণে শিক্ষাবঞ্চিত আজারবাইজানি শিক্ষার্থীদের পাশে ইরান
কোনো হুমকিতেই ভয় পাবে না ইরান: গালিবাফ