টাঙ্গাইলে নারী সাংবাদিককে হেনস্তার অভিযোগ, ৪ দিনেও মেলেনি প্রতিকার

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০৮:৩৮ পিএম

টাঙ্গাইলে এক নারী সাংবাদিককে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর মন্তব্য করে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার চার দিন পার হলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

এদিকে প্রেসক্লাবে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে আপত্তিকর ও মানহানিকর মন্তব্যসহ পোস্ট দেওয়ার অভিযোগও উঠেছে। এসব ঘটনার বিষয়ে গত ২৮ আগস্ট টাঙ্গাইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক রুমি আক্তার পলি।

রুমি আক্তার পলি গ্লোবাল টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, ডেইলি বাংলাদেশের বিশেষ প্রতিবেদক, দৈনিক বাংলাদেশের আলোর নিজস্ব প্রতিবেদক এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সদস্য।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট পেশাগত দায়িত্ব পালন শেষে ঢাকায় কর্মরত এক সহকর্মীকে বিদায় জানিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবে আসেন রুমি আক্তার পলি। পরে প্রেসক্লাব থেকে বাড়ির উদ্দেশ্যে বের হওয়ার সময় এক সহকর্মীর উপস্থিতিতে প্রেসক্লাবের সদস্য অলোক কুমার দাস তাকে উদ্দেশ করে কুরুচিপূর্ণ, অশালীন ও মানহানিকর কথা বলেন বলে অভিযোগ করেন তিনি।

রুমি আক্তার পলি বলেন, ‘আমি পরিস্থিতি উত্তপ্ত না করে ধৈর্যের সঙ্গে বিষয়টি সামাল দিই। ওই রাতেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে বিষয়টি জানাই। পরদিন ২৫ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত অভিযোগ জমা দিই। কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি।’

তিনি আরও অভিযোগ করেন, প্রেসক্লাবে লিখিত অভিযোগ দেওয়ার পর থেকেই লাবু খন্দকার নামে একজন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন অনুষ্ঠানে তোলা তার ছবি ব্যবহার করে আপত্তিকর মন্তব্যসহ পোস্ট করছেন। এসব পোস্টের কারণে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন বলেও অভিযোগ করেন।

ঘটনাগুলোর বিষয়ে নিজের নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রুমি আক্তার পলি আইনগত ও সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ ঘটনায় টাঙ্গাইল প্রেসক্লাবের পক্ষ থেকে এখন পর্যন্ত কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এমএজেড
আরও পড়ুন