জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) বা অনার্স ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি (রোববার) রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তিচ্ছু প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শর্তাবলী ও বিস্তারিত নির্দেশিকা ওয়েবসাইটের ‘অনার্স ভর্তি গাইডলাইন’ লিংকে পাওয়া যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ ও ফি:
আবেদনের শেষ সময়: ২২ ফেব্রুয়ারি ২০২৬ (রাত ১২টা)।
আবেদন ফি: ১,০০০ টাকা (সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি জমা দিতে হবে)।
ফি জমাদানের শেষ সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২৬।
কলেজ কর্তৃক নিশ্চয়ন: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।
সোনালী ব্যাংকে ফি জমা (বিশ্ববিদ্যালয় অংশ): ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। আবেদনের চাপ সামলাতে এবং শিক্ষার্থীদের সুবিধার্থেই এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেলো
বাউবির বিবিএ প্রোগ্রামে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময় বাড়লো
