জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. শামছুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে এই অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় বলা হয় যে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভাকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন সরকার জনগণের আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং উন্নয়ন প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এই প্রত্যাশা করছি। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে এবং রাষ্ট্র পরিচালনায় সুশাসন, জবাবদিহিতা এবং আইনের শাসন সুদৃঢ় হবে।’
অভিনন্দন বার্তায় আরো বলা হয়, ‘আমরা আশা করি, উচ্চশিক্ষার মানোন্নয়নে সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন, গবেষণায় বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষক-শিক্ষার্থীর একাডেমিক স্বাধীনতা নিশ্চিতকরণ, এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা কাঠামো নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। একটি সুসংহত ও আধুনিক রাষ্ট্র গঠনের জন্য রাজনৈতিক প্রজ্ঞা ও অর্থনৈতিক দূরদর্শিতার পাশাপাশি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ অপরিহার্য। নতুন সরকার যদি শিক্ষা, গণতন্ত্র ও উন্নয়নের এই ত্রিমাত্রিক ভারসাম্য রক্ষা করতে সক্ষম হয়, তবে তা বাংলাদেশের ভবিষ্যৎ অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করবে।
পরিশেষে, নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সকল সদস্যের সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও সফল নেতৃত্ব কামনা করছি।’
রুয়েটে প্রথম পর্যায়ের ভর্তি শেষে ৭৬২ আসন ফাঁকা
