ইবতেদায়ি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ পিএম

দীর্ঘ ১৬ বছর পর আবারও চালু হওয়া ইবতেদায়ি মাদ্রাসার পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষার্থীরা অনলাইনের পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে দ্রুত ফল জানতে পারবে:

অনলাইন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Scholarship Result’ অপশনে ক্লিক করে রোল নম্বর ও সাল (২০২৬) প্রদান করলে ফলাফল দেখা যাবে।

এসএমএস: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে বোর্ডের নাম, রোল নম্বর এবং সাল লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

২০০৯ সালে পিইসি পরীক্ষা চালুর পর এই বৃত্তি পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ বিরতির পর এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের কোডভুক্ত স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মোট ৫০০ নম্বরের এই পরীক্ষায় পাঁচটি বিষয়— কুরআন মাজিদ ও আকাইদ-ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি এবং গণিত ও বিজ্ঞান অন্তর্ভুক্ত ছিল। নিয়ম অনুযায়ী, মাদ্রাসার পঞ্চম শ্রেণিতে অধ্যয়নরত সর্বোচ্চ ৪০ শতাংশ শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এবং পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত হারে মাসিক বৃত্তি সুবিধা ভোগ করবে এবং মাধ্যমিক পর্যায়ে স্কুল বা মাদ্রাসায় ভর্তির ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাবে।

DR
আরও পড়ুন