আসন্ন পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে দীর্ঘ ছুটি। ক্যালেন্ডার ও ছুটির তালিকা অনুযায়ী, এবার স্কুল ও কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসাগুলোতে ২১ দিনের ছুটি উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৭ মে) ২০২৬ সালের শিক্ষাপঞ্জি ও সরকারি ছুটির তালিকা বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সরকারি তালিকা অনুযায়ী, দেশের প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে আগামী ২৪ মে (রোববার)। এই ছুটি চলবে ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। তবে এর আগে-পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১৬ দিনের লম্বা ছুটি পাচ্ছে। কলেজ পর্যায়েও ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি থাকছে।
সাধারণ স্কুল-কলেজের তুলনায় মাদ্রাসাগুলোতে ছুটির আমেজ থাকবে আরও বেশি সময়। সেখানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদ মিলিয়ে ২৪ মে থেকে ১১ জুন পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ হিসাব করলে মাদ্রাসাগুলোতে মোট ২১ দিনের লম্বা ছুটি থাকছে।
এদিকে, বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মকর্তাদের জন্য টানা ৭ দিনের ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সকল সরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর ঠিক আগের দুই দিন অর্থাৎ ২৩ মে ও ২৪ মে দাফতরিক কাজ সচল রাখতে অফিস খোলা রাখা হবে।
২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে, জানালেন শিক্ষামন্ত্রী