বিয়ে করলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, কনে কে

আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:২৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের বিয়ে সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সাদিক কায়েমের আকদ অনুষ্ঠিত হয়।

পারিবারিক ও ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই আকদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সাদিক কায়েমের স্ত্রী আনিকা ফারদিন ফরায়েজি পেশায় একজন চিকিৎসক। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি বিশিষ্ট ব্যবসায়ী ও রিলায়েন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান আয়ুব আলী ফরায়েজি এবং রুকসানা পারভীন আসমার কন্যা।

আকদ অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ডাকসুর বর্তমান প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষী এই বর-কনেকে দোয়া দিতে সমবেত হন। 

অনুষ্ঠান শেষে ডা. শফিকুর রহমানসহ উপস্থিত নেতৃবৃন্দ শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

আকদ শেষে আজ সন্ধ্যার পর রাজধানীর শাহবাগে অবস্থিত ‘শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে’ বিয়ের মূল অনুষ্ঠান (রিসেপশন) হওয়ার কথা রয়েছে। সেখানে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে ডাকসু ভিপির বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি নিরন্তর ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। নেটিজেনরা এই নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানিয়েছেন।

FJ
আরও পড়ুন