মাধ্যমিকে উপবৃত্তির আবেদনের সময় বাড়লো, মানতে হবে চার শর্ত

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৯:২৫ এএম

মাধ্যমিক ও সমমান পর্যায়ের (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) শিক্ষার্থীদের উপবৃত্তি ও ভর্তি সহায়তার অনলাইন আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যোগ্য শিক্ষার্থীরা আগামী ২৫ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এই সুযোগ পাবেন, যার পূর্বনির্ধারিত শেষ সময় ছিল ১৪ জুন। ২০২৬ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া এবং বর্তমানে অধ্যয়নরত আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা, কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্দিষ্ট লিংকে প্রবেশ করে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে আবেদন মঞ্জুরের ক্ষেত্রে ট্রাস্টের নির্দেশিকা অনুযায়ী বেশ কিছু জরুরি শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আবেদনের প্রধান শর্তসমূহ:

শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে মেধাবী হতে হবে। প্রমাণ হিসেবে পূর্ববর্তী বার্ষিক বা চূড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ পাওয়ার নথিপত্র (মার্কশিট/সনদ) অনলাইনে আপলোড করতে হবে।

পারিবারিক আয়ের সীমা: শিক্ষার্থীর পিতা-মাতা বা আইনগত অভিভাবকের বার্ষিক আয় সর্বোচ্চ ৩ লাখ টাকা বা তার কম হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

বিশেষ বিবেচনায় অগ্রাধিকার: এতিম, প্রতিবন্ধী (শিক্ষার্থী বা অভিভাবক), দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, হতদরিদ্র পরিবারের সন্তান (যেমন: নিম্ন আয়ের শ্রমিক) এবং জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ২০তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারীদের সন্তানরা বিশেষ অগ্রাধিকার পাবেন। তবে আবেদনের সময় এর সপক্ষে যথাযথ প্রমাণক সংযুক্ত করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: ট্রাস্টের নির্দিষ্ট ফরমে প্রাতিষ্ঠানিক প্রধানের দেওয়া প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র (NID), শিক্ষার্থীর এক কপি রঙিন ছবি এবং শিক্ষার্থী কিংবা পিতা-মাতার সচল অনলাইন ব্যাংক হিসাবের সুস্পষ্ট তথ্য আপলোড করতে হবে।

যেহেতু পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল বা অনলাইনভিত্তিক, তাই আবেদনকারীদের কোনো ধরনের নথির কাগজ বা 'হার্ড কপি' ডাকযোগে বা সরাসরি অফিসে পাঠানোর প্রয়োজন নেই।

আবেদন প্রক্রিয়া সংক্রান্ত যেকোনো কারিগরি সমস্যা বা জিজ্ঞাসার জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট অফিস চলাকালীন (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) যোগাযোগ করার জন্য তিনটি হেল্পলাইন নম্বর প্রকাশ করেছে। নম্বরগুলো হলো: ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮চেং ও ০১৭৭৮৯৬৪১৫৬।

SN
আরও পড়ুন