‘নকলের প্রভাবমুক্ত থাকবে এইচএসসির কেন্দ্রগুলো’

আপডেট : ২৮ জুন ২০২৬, ১২:০৯ পিএম

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা কঠোরভাবে বরদাশত করা হবে না বলে কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

আজ রোববার (২৮ জুন) আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি কেন্দ্রপ্রধানদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্পষ্ট করেন যে, শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। পরীক্ষার পবিত্রতা নষ্ট করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।

বক্তব্যের একপর্যায়ে শিক্ষা খাতের প্রশাসনিক সমস্যার কথা তুলে ধরে ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-শিক্ষার্থীদের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়। এই অচলাবস্থা দূর করে শিক্ষাঙ্গনে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গতিশীল পরিবেশ গড়ে তুলতে বর্তমান সরকার সম্পূর্ণ বদ্ধপরিকর।

সিলেট শিক্ষা বোর্ডে আয়োজিত এই মতবিনিময় সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং সিলেট অঞ্চলের বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন পরীক্ষার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা এবং কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত কৌশলগত আলোচনা করা হয়।

SN
আরও পড়ুন