দীর্ঘদিন ধরে কারিগরি (এসএসসি ভোকেশনাল) শাখায় কোনো শিক্ষার্থী ভর্তি না হওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের কারিগরি পাঠদানের অনুমোদন বাতিলের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
কারিগরি শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ধারাবাহিকভাবে শিক্ষার্থী ভর্তি না থাকায় প্রতিষ্ঠানটির নতুন ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে কেন প্রতিষ্ঠানটির কারিগরি পাঠদানের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ২২ জুলাই-এর মধ্যে সন্তোষজনক জবাব দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির কারিগরি পাঠদানের অনুমোদন স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
ধর্মপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ভর্তি না হওয়ায় কারিগরি শাখার কার্যক্রম বন্ধ রয়েছে। মূলত শিক্ষার্থী সংকটের কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।”
তবে স্থানীয়দের অভিযোগ, কর্মমুখী শিক্ষার চাহিদা বাড়লেও বিদ্যালয় কর্তৃপক্ষ ও পরিচালনা কমিটির যথাযথ উদ্যোগের অভাব, পর্যাপ্ত প্রচারণা না থাকা এবং শিক্ষার্থী আকর্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করায় কারিগরি শাখাটি ধীরে ধীরে অকার্যকর হয়ে পড়ে। তাদের দাবি, সময়মতো উদ্যোগ নেওয়া হলে আজ অনুমোদন বাতিলের ঝুঁকিতে পড়তে হতো না।
ফটিকছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ড. সেলিম রেজা বলেন, “প্রতিষ্ঠানটিতে কারিগরি শাখার অনুমোদন থাকলেও দীর্ঘদিন কোনো কার্যক্রম পরিচালিত হয়নি। এ কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিতে পারে।”
জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের পরীক্ষার ফি মওকুফ
ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
আন্তর্জাতিক মানের দক্ষ নাগরিক গড়াই সরকারের প্রধান লক্ষ্য