জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানকে দাপ্তরিক যোগাযোগের জন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া অফিসিয়াল ই-মেইল আইডি ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে ব্যক্তিগত বা অননুমোদিত কোনো ই-মেইল আইডি থেকে পাঠানো যেকোনো আবেদন, তথ্য বা বার্তা সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হবে।
সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে জারি করা এক জরুরি প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এর আগে ২০২৫ সালের ২৮ জুলাই একই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি স্পষ্ট করা হয়েছিল। কিন্তু অনেক অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান এখনো অনলাইন আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে তাদের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করছে। ফলে দাপ্তরিক কার্যক্রমে অপ্রয়োজনীয় বিলম্ব হচ্ছে এবং পাঠানো তথ্যগুলো প্রকৃত অনুমোদিত কর্তৃপক্ষের কি না, তা যাচাই করতে গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নানা জটিলতা ও সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতার মুখোমুখি হতে হচ্ছে।
এই উদ্ভূত পরিস্থিতি এবং প্রশাসনিক জটিলতা এড়াতে এখন থেকে কলেজ পরিদর্শন দপ্তরের নির্দিষ্ট ই-মেইলে ([email protected]) কোনো আবেদন বা তথ্য পাঠানোর ক্ষেত্রে অবশ্যই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব অফিসিয়াল ই-মেইল আইডি (কলেজ কোড@nu.ac.bd) ব্যবহার করতে হবে। এর বাইরে পাঠানো অন্য কোনো বার্তা আর অগ্রহণযোগ্য হবে বলে প্রজ্ঞাপনে চূড়ান্তভাবে জানিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেবে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী