সরকারি কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৩ নির্দেশনা জারি

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম

দেশের সকল সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা, কর পরিশোধ ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি অধিদপ্তরের প্রশাসন ও হিসাব শাখা থেকে এই সংক্রান্ত তিনটি আলাদা অফিস আদেশ জারি করা হয়।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা তিনটি নিচে সংক্ষেপে তুলে ধরা হলো:

১২ মাসের হিসাব বিবরণী ও রাজস্ব তথ্য

প্রথম নির্দেশনায়, ২০২৫–২৬ অর্থবছরের বরাদ্দকৃত বাজেটের ১২ মাসের হিসাব বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার স্বাক্ষরসহ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কর ব্যতীত রাজস্ব (নন-ট্যাক্স রিটার্ন) আদায়ের তথ্যও পাঠাতে হবে। এই তথ্যের সফটকপি ইমেইলে এবং হার্ডকপি ১২ জুলাইয়ের মধ্যে অধিদপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয়েছে।

পৌর ও ভূমি উন্নয়ন করের হালনাগাদ তথ্য

দ্বিতীয় নির্দেশনায়, সরকারি পলিটেকনিক, মনোটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজগুলোর পৌর কর ও ভূমি উন্নয়ন কর বাবদ বাজেট বরাদ্দের জন্য সর্বশেষ কর পরিশোধের প্রমাণক ও হালনাগাদ তথ্য অধিদপ্তরে দ্রুত পাঠাতে বলা হয়েছে।

ক্যাম্পাস নিরাপত্তা জোরদার

তৃতীয় নির্দেশনায়, গত ১৭ জুনের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের দায়িত্ব পালনে আরও সচেষ্ট ও দায়িত্বশীল করতে প্রতিষ্ঠানপ্রধানদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশগুলো দেশের সকল সরকারি পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

SN
আরও পড়ুন