সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গানের সঙ্গে নিজের ভিডিও প্রকাশ করে সমালোচনার মুখে পড়া সিলেটের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পক্ষে অবস্থান নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেছেন, কোনো অশ্লীলতা না থাকলে গান গাওয়াকে তিনি অন্যায় মনে করেন না।
রোববার (২৬ জুলাই) সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, ভিডিওটি তিনি নিজে দেখেননি এবং সামাজিক যোগাযোগমাধ্যমও ব্যবহার করেন না। তবে অন্যদের কাছ থেকে শুনেছেন, একজন শিক্ষিকা গান গেয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন।
ববি হাজ্জাজ বলেন, ভিডিওটিতে যদি কোনো অশ্লীলতা না থাকে, তাহলে গান গাওয়াকে অন্যায় বলা যায় না। যদিও পুরো ভিডিও না দেখায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারি নির্দেশনা বা সরকারি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় শিক্ষা প্রশাসন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
গত ২৩ জুলাই ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রানী পাল নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে একটি রিল ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তাকে শাড়ি পরে বিদ্যালয় প্রাঙ্গণে হাঁটতে দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গোষ্ঠী তাকে নিয়ে সমালোচনা ও ট্রল শুরু করে।
তবে এ ঘটনার পর দেশের বিভিন্ন এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী শিক্ষকেরা বিউটি রানী পালের প্রতি সংহতি প্রকাশ করেছেন। তারা একই ধরনের রিল ভিডিও প্রকাশ করে ‘আজ কেন মন উদাসী হয়ে’ গান ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন।
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
শিক্ষা ক্যাডারের বদলি ও পদায়নে নতুন নীতিমালা
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে ২৩ দিন