পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পিএম

আগামী ২০২৭ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’ পাঠ্যবইয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ অন্তর্ভুক্ত করা হচ্ছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময়কার তাঁর একটি ঐতিহাসিক ডায়েরির ছবিও বইয়ে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) নিবন্ধটি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা জানান, আগামী শিক্ষাবর্ষ থেকে নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে নিবন্ধটি পড়ানো হবে। ২৪ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এনসিসিসির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এনসিটিবির কারিকুলাম সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নিবন্ধটির আগে দেওয়া ব্যাখ্যায় বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাসে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতৃত্বের অবদানের কথা তুলে ধরা হয়েছে। সেখানে স্বাধীনতাকে কোনো একক ব্যক্তি বা দলের কৃতিত্ব হিসেবে না দেখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

নিবন্ধটিতে ১৯৭১ সালের মার্চে চট্টগ্রামে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠা, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, পটিয়া এলাকায় প্রতিরোধ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা প্রচারের স্মৃতিচারণ রয়েছে। এগুলো জিয়াউর রহমানের নিজের বর্ণনা হিসেবে নিবন্ধে উপস্থাপিত হয়েছে।

পাঠ্যবইয়ের লেখক পরিচিতি অংশে জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন সামরিক ভূমিকা ও পরবর্তী রাষ্ট্রীয় দায়িত্বের বিষয়গুলোও উল্লেখ করা হচ্ছে বলে এনসিটিবি সূত্রে জানা গেছে। একই সঙ্গে নিবন্ধের সঙ্গে ঐতিহাসিক ডায়েরির ছবি যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এনসিটিবির এই সিদ্ধান্তকে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক দলিল ও প্রত্যক্ষ বর্ণনা তুলে ধরার উদ্যোগ হিসেবে ব্যাখ্যা করেছেন সংশ্লিষ্ট শিক্ষাবিদ ও কর্মকর্তারা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক জানিয়েছেন, এনসিসিসির সভায় নিবন্ধটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।

এমইউ
আরও পড়ুন