স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল: ডিএসসিসি প্রশাসক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সুনাম ক্রমেই বাড়ছে।

রোববার (৪ অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আধুনিকায়ন করা কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক অডিটোরিয়াম অত্যন্ত জরুরি। সিটি করপোরেশনের পক্ষ থেকে এ কাজ করা নৈতিক দায়িত্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় চললেও এ পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণআন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দিয়ে আবদুস সালাম বলেন, বিশ্ববিদ্যালয়ের পাশে বিশ্বজিৎ চত্বর নির্মাণের বিষয়ে সহযোগিতা করা হবে। বাহাদুর শাহ পার্কের তত্ত্বাবধানের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরের বিষয়েও সহযোগিতা করা হবে। একই সঙ্গে ধুপখোলা মাঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে স্থায়ীভাবে ব্যবহারের ব্যবস্থা করতেও সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। সভাপতির বক্তব্যে তিনি আধুনিকায়নকৃত কেন্দ্রীয় মিলনায়তন নির্মাণে সহযোগিতার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, বাংলাদেশের শিক্ষা বিস্তারে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি কিংবদন্তি নাম। বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত বাহাদুর শাহ পার্কের অবৈধ দখল উচ্ছেদ করে এর তত্ত্বাবধানের দায়িত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বর্তমানে অবৈধ দখলদাররা পার্কটির সৌন্দর্য নষ্ট করছে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পার্কটির দায়িত্ব বিশ্ববিদ্যালয়কে দেওয়া হলে এর সৌন্দর্য রক্ষা এবং ঐতিহাসিক স্মৃতিস্মারক হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রতিষ্ঠার প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রতিষ্ঠার ২১ বছর পার হলেও বিশ্ববিদ্যালয়টি বঞ্চনার শিকার হয়েছে। শিক্ষার্থীদের খেলাধুলা ও শারীরিক-মানসিক বিকাশের জন্য নিজস্ব খেলার মাঠ প্রয়োজন। এ জন্য দীর্ঘদিন ধরে ব্যবহৃত ধুপখোলা মাঠটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ীভাবে ব্যবহারের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নকৃত অডিটোরিয়াম উদ্বোধন অত্যন্ত আনন্দের বিষয়। এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশের প্রাণকেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে জায়গাটি রয়েছে, সেটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে নিয়ে এসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্য জায়গাটি ব্যবহারের উদ্যোগ নিতে হবে।

এমইউ
আরও পড়ুন