ফিলিস্তিন ও গাজার বাস্তব চিত্র পশ্চিমা মূলধারার গণমাধ্যমগুলোতে চরম পক্ষপাতদুষ্ট ও অন্যায়ভাবে উপস্থাপন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ আয়োজিত ‘পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও বিশ্ব গণমাধ্যম: নৈতিক জবাবদিহি ও আত্মসমালোচনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বজুড়ে পশ্চিমা আগ্রাসনের সময় ‘মিডিয়া যুদ্ধ’ অন্যতম প্রধান হাতিয়ার হয়ে ওঠে। বাস্তবতায় গাজার নির্যাতিত মানুষকে সন্ত্রাসী এবং ইসরায়েলকে গণতন্ত্রের রক্ষক হিসেবে ভুলভাবে দেখানো হচ্ছে।
রাষ্ট্রদূত স্বাধীন গণমাধ্যমগুলোকে আন্তর্জাতিক আইন, সত্য ও ন্যায়বিচারের পক্ষে থাকার আহ্বান জানান। তিনি প্রশ্ন তোলেন, হাসপাতাল, স্কুল ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা কীভাবে আন্তর্জাতিক আইনে বৈধ হতে পারে?
তিনি অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার সঙ্গীদের মানবতাবিরোধী কর্মকাণ্ড পশ্চিমা মিডিয়ার একাংশ ঢেকে রাখার চেষ্টা করছে। বাস্তব চিত্র দেখতে তিনি স্বাধীন সাংবাদিকদের ইরান পরিদর্শনের আমন্ত্রণ জানান।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি দুই দেশের বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সেমিনারে বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবীরের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপসালা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেগরি জে. সিমনস। অনুষ্ঠানে জবি উপাচার্য, রুশ দূতাবাসের প্রেস সেক্রেটারিসহ অন্যান্য শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
সহকর্মীর গুলিতে জম্মু-কাশ্মীরে ৪ জওয়ান নিহত
পুতিনের নির্দেশে বাড়ছে রুশ সেনার সংখ্যা