পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) দুই শিক্ষার্থীকে জিম্মি করে ভিডিও ধারণ, ৫০ হাজার টাকা দাবি এবং জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে বহিষ্কৃত প্রত্যেক শিক্ষার্থীকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও চার শিক্ষার্থীকে শোকজ করার পাশাপাশি তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ৭৭তম রিজেন্ট বোর্ড সভায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ও শৃঙ্খলা বোর্ডের সুপারিশের ভিত্তিতে এসব সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদন পায়।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— ব্যবসায় প্রশাসন বিভাগের রাসেল আহমেদ ও মো. ফয়সাল আহমেদ এবং স্থাপত্য বিভাগের মো. শোয়েব উল হক, মাহমুদ হাসান ও আবদুল্লাহ তাইয়্যেব তকি। শাস্তিপ্রাপ্তদের আগামী সাত কর্মদিবসের মধ্যে অভিভাবকসহ এসে মুচলেকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কারণ দর্শানোর নোটিশ পেতে যাওয়া চার শিক্ষার্থী হলেন— আইসিই বিভাগের ফয়সাল ইকবাল হিরন ও ঋতু সরকার এবং স্থাপত্য বিভাগের ইব্রাহিম খলিল ও রিয়াদ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তদন্তের পর তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
ঘটনাটি ঘটেছিল গত ২৪ আগস্ট সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর ষষ্ঠ তলায়। আইসিই বিভাগের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখার অভিযোগ তুলে তাদের জিম্মি করে মারধর, জোরপূর্বক ভিডিও ধারণ এবং টাকা দাবি করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগে জানান, তাদের কক্ষে আটকে রেখে ৫০ হাজার টাকা দাবি করা হয় এবং মোবাইল ও ল্যাপটপ ছিনিয়ে নেওয়া হয়। প্রক্টরিয়াল বডির দ্রুত পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তরা ব্যবহৃত মোবাইল ও পরবর্তীকালে আনসারের মাধ্যমে ল্যাপটপটি ফেরত দিতে বাধ্য হয়।
কোটি টাকার প্রচারের সিনেমা দেখতে টিকিট কাটলো ২ জন!
রাশিয়া ইরানকে প্রয়োজনীয় সহায়তা করছে না: ট্রাম্প