এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল

আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ পিএম

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর উত্তরপত্র পুনঃনিরীক্ষণের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। আগামীকাল রোববার (১ নভেম্বর) থেকে অনলাইনে এ আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিটি পত্রের জন্য নির্ধারিত ফি ১৫০ টাকা।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে। সরাসরি বা ম্যানুয়াল পদ্ধতিতে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

যেভাবে করবেন আবেদন
ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করতে হবে। পরে নির্ধারিত ঘরে রোল ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে। এরপর ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী ধাপে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর ওই নম্বরে এসএমএস পাঠানো হবে।

এরপরের স্ক্রিনে বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। যে এক বা একাধিক বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে চান, সেগুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

ফি জমা দেওয়া যাবে যেভাবে
প্রতিটি পত্রের জন্য পুনঃনিরীক্ষণ ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। কোনো বিষয়ের দুটি পত্র থাকলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, রকেট, উপায় ও সোনালী সেবার মাধ্যমে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা আবেদন পোর্টালের ‘হেল্প’ অপশনে পাওয়া যাবে।

নির্ধারিত মাধ্যমে ফি পরিশোধের পর আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।

আবেদন সংশোধনের সুযোগ আছে কি?
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, একবার আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয়ে পুনঃনিরীক্ষণের আবেদন করতে চাইলে একই প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তবে এ ক্ষেত্রে দ্বিতীয়বার মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

অন্যদিকে, ফি পরিশোধের আগেই নির্বাচিত বিষয় পরিবর্তন করতে চাইলে ‘মুছে ফেলুন’ অপশনে গিয়ে আগের নির্বাচন বাতিল করে নতুন বিষয় যুক্ত করা যাবে।

তবে একবার ফি জমা দিয়ে আবেদন সম্পন্ন হলে নির্বাচিত বিষয় আর বাতিল করার সুযোগ থাকবে না। এ ছাড়া কোনো পরিস্থিতিতেই পরিশোধ করা আবেদন ফি ফেরত দেওয়া হবে না।

এএইচএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত