বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:৫১ পিএম

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্যরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সোমবার (৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কার্যালয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

সভায় উপস্থিত একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, সব বিশ্ববিদ্যালয়ে ১ ফেব্রুয়ারির পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন কার্যক্রম শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারির পর।

সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে এইচএসসির সব পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম শুরু হবে। যেসব বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি কার্যক্রম শুরু করেছে, তাদের নতুন সিদ্ধান্তের সঙ্গে সমন্বয় করতে হবে।

তিনি বলেন, সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীসহ সবাই যাতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেন, সে সুবিধা নিশ্চিত করাই সিদ্ধান্তের উদ্দেশ্য।

এমইউ
আরও পড়ুন