জাতীয় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা

হাইকোর্টে ২০ কর্মকর্তা-কর্মচারীর আগাম জামিন, ক্যাম্পাস পরিদর্শনে তদন্ত কমিটি

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ এএম

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের পুনর্বহাল ২০ কর্মকর্তা-কর্মচারীকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো: জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তাদের জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: মাহমুদুল হাসান (তৌহিদ) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। জামিনের কাগজপত্র বুধবার গাছা থানায় জমা দেওয়া হয়েছে।

 

আগাম জামিনপ্রাপ্তদের মধ্যে রয়েছেন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো: আলমগীর হোসেন, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: আকরাম হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো: মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো: ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা সম্পা এবং অতিরিক্ত রেজিস্ট্রার মোহা. আজিজুল হকসহ এজাহারভুক্ত ২০ জন।

 

এদিকে বুধবার (২৫ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন করেছে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। কমিটির প্রধান ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে সদস্যরা ক্যাম্পাসে যান। পরিদর্শনকালে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী-উভয় পক্ষের বক্তব্য শোনেন।

 

এ সময় মামলার ১৫ নম্বর আসামি ও উপ-পরিচালক মো: আমির হোসাইন তদন্ত কমিটির কাছে নিজের লিখিত বক্তব্য জমা দেন। লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা ও বকেয়া বেতন-ভাতা না দিয়ে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া জুনিয়রদের পদোন্নতি দেয়া হচ্ছিল। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট ও আদালত অবমাননার মামলা করায় এবং ভাইস চ্যান্সেলরের (ভিসি) চাপে মামলা প্রত্যাহার না করায় উদ্দেশ্যমূলকভাবে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জড়ানো হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মামলা থেকে অব্যাহতি দাবি করেন।

 

অন্যদিকে, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ক্যাম্পাসে ‘ফ্যাসিস্টবিরোধী কর্মসূচি’ পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অনুমতি চেয়েছিলেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। তবে প্রশাসন তাদের সেই অনুমতি দেয়নি। 

 

অনুমতি না দেয়ায় বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। দাবি আদায়ে আরো কঠোর কর্মসূচি এবং আগামী ২৮ নভেম্বর ঢাকায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য অধ্যক্ষ সম্মেলন সফল করার লক্ষ্যে বুধবার রাত ১০টায় জরুরি বৈঠকে বসেন আন্দোলনকারীরা। বৈঠকে আন্দোলনের পরবর্তী রূপরেখা নিয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

অনুমতি না দেয়ার বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের একটি সূত্র জানায়,  ২৮ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুষ্ঠান বাস্তবায়নের জন্য সকলে ব্যস্ত থাকায় এবং প্রধানমন্ত্রীর কানে বিব্রতকর কোন বার্তা যাতে না যায় সেজন্য আপতত ক্যাম্পাসে কোন কর্মসূচির অনুমতি দেয়া হচ্ছে না। বরং আগামী ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগেই অনুরূপ কর্মসূচি পালন করা হবে। 

 

উল্লেখ্য, সর্বোচ্চ আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতার দাবিতে গত ১৬ নভেম্বর ক্যাম্পাসে দিনভর বিক্ষোভ ও ভিসিকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। এর জেরে গত ১৮ নভেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো: সালাহ্ উদ্দিন বাদী হয়ে গাছা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত