জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নিবন্ধন শুরু আজ, আবেদন করবেন যেভাবে

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩১ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে অংশ নিতে আজ সোমবার (১২ অক্টোবর) থেকে অনলাইনে নিবন্ধন করতে পারবেন যোগ্য শিক্ষার্থী ও গবেষকেরা। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ সমাবর্তন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিবন্ধনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬।

গত বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, স্নাতক (পাস) ও স্নাতক (সম্মান) পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থীরা সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া মাস্টার্স ফাইনাল, বিবিএ, এমএড, বিএসসি ইন সিএসই, এলএলবি ফাইনাল, বিএফএ অনার্স ও বিএফএ পাস পরীক্ষায় ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন।

এমবিএ পরীক্ষায় ২০১৩ থেকে ২০২২, বিএড অনার্সে ২০১৪ থেকে ২০২৩, বিএসসি ইন ইসিইতে ২০১২ থেকে ২০২৩ এবং এমএসসি ইন সিএসইতে ২০১১ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধনের সুযোগ পাবেন।

বিবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। একইভাবে বিএসসি অনার্স ইন অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্টে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা অংশ নিতে পারবেন। অনার্স ইন থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজে ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে উত্তীর্ণরাও নিবন্ধন করতে পারবেন।

এ ছাড়া বিএসসি অনার্স ইন এফডিটি, বিএসসি অনার্স ইন এএমটি, বিএসসি অনার্স ইন কেএমটি এবং এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে উত্তীর্ণরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

মাস্টার্স ইন অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্টে ২০১৬ থেকে ২০২৩, মাস্টার্স ইন মিডিয়া অ্যান্ড জার্নালিজমে ২০২০ থেকে ২০২২, এমপিএডে ২০২০ থেকে ২০২৩ এবং এমএসএডে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উত্তীর্ণরা নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি অন-ক্যাম্পাস এমএএস/এএমবিএতে ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে উত্তীর্ণ শিক্ষার্থী এবং ২০১৬ থেকে ২০২৫ সালের মধ্যে এমফিল/পিএইচডি ডিগ্রি অর্জনকারী গবেষকেরাও সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন ফি ও পেমেন্ট পদ্ধতি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা অথবা ৪০ মার্কিন ডলার। প্রতিটি সনদের জন্য দিতে হবে ৮০০ টাকা অথবা ১০ মার্কিন ডলার। তবে যাঁরা ইতোমধ্যে মূল সনদ গ্রহণ করেছেন, তাঁদের সনদের জন্য নতুন করে কোনো ফি দিতে হবে না।

অনলাইনে নিবন্ধনের পাশাপাশি সোনালী সেবা, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এবং ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। পেমেন্টের ক্ষেত্রে মাস্টারকার্ড, ভিসা, অ্যামেক্স ও নেক্সাসসহ বিভিন্ন কার্ড ব্যবহারের সুযোগ রয়েছে।

সহায়তা ও যোগাযোগ

নিবন্ধন-সংক্রান্ত সহযোগিতার জন্য ০১৩৪৭-৫৫২১৫১-৭ নম্বরে এবং পেমেন্ট-সংক্রান্ত সমস্যায় ০১৩৪৭-৫৫২১৫৮ নম্বরে যোগাযোগ করা যাবে। সহায়তা পাওয়া যাবে সকাল ৮টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। এ ছাড়া [email protected] ই-মেইলে যোগাযোগ করা যাবে।

সমাবর্তনের নির্দিষ্ট সময়, ভেন্যু ও অনুষ্ঠানসূচি যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমে প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন