বেসরকারি শিক্ষক নিয়োগে এনটিআরসিএর সুপারিশ প্রক্রিয়ায় আগের সরকার ত্রুটিপূর্ণ ব্যবস্থা চালু করেছিল বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর দাবি, ওই ব্যবস্থার কারণে দেশের এক প্রান্তের শিক্ষককে অন্য প্রান্তে গিয়ে চাকরি করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
এমপিওভুক্ত শিক্ষকদের চলমান অনশন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকরা বদলির দাবিতে আন্দোলন করছেন। অথচ আগে এ ধরনের বদলি ব্যবস্থা কোথাও ছিল না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে তিনি এনটিআরসিএ প্রতিষ্ঠা করেছিলেন বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে এই প্রতিষ্ঠানের নিয়োগ সুপারিশ প্রক্রিয়ায় ত্রুটিপূর্ণ ব্যবস্থা চালু করা হয়। এতে এক এলাকার শিক্ষককে দেশের অন্য প্রান্তে চাকরি করতে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, তাঁকে কেউ এ কাজ করতে বলেননি; তিনি নিজ উদ্যোগেই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। দায়িত্ব নেওয়ার পর গত নয় মাসে এ বিষয়ে একটি কমিটি গঠন, সফটওয়্যার বা অ্যাপ তৈরির কাজ এবং শিক্ষকদের তালিকা প্রস্তুতের উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে প্রশ্ন তুলে তিনি বলেন, বদলি ব্যবস্থা আগে থেকেই প্রচলিত থাকলে এবং আন্দোলনের মাধ্যমে তা আদায় করা সম্ভব হলে গত ১৯ বছর তাঁরা কেন এ দাবি তোলেননি? তিনি কাজ শুরু করার পরই কেন এ দাবি সামনে এসেছে, সে প্রশ্নও রাখেন শিক্ষামন্ত্রী।
সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত