এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, পাস ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৯ জন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ফেল থেকে পাসের সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। এ বোর্ডে নতুন করে পাস করেছে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী।

এরপর রয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। এ বোর্ডে ফেল থেকে পাস করেছে ৮৬৭ জন। আর তৃতীয় অবস্থানে থাকা যশোর বোর্ডে নতুন করে পাস করেছে ৩৮০ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছে ৩৩৭ জন, রাজশাহী বোর্ডে ১১১ জন, কুমিল্লা বোর্ডে ৩৩৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১৯০ জন, বরিশাল বোর্ডে ৭৯ জন এবং সিলেট বোর্ডে ১৮৬ জন।

অন্যদিকে, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে পুনর্নিরীক্ষণের পর ফেল থেকে পাস করেছে ২৫৫ জন। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে এই সংখ্যা ৬৬৪ জন।

পুনর্নিরীক্ষণের ফলাফলে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছে ৩ হাজার ৭৯ জন। এ ছাড়া মোট নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। জিপিএ বা গ্রেড পরিবর্তন হয়েছে ২৭ হাজার ৮৩৬ জন শিক্ষার্থীর।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, এবার ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি খাতা পুনর্নিরীক্ষণ বা চ্যালেঞ্জের জন্য আবেদন করেছিল।

ফল জানা যাবে যেভাবে

পুনর্নিরীক্ষণের ফল আবেদনকারী শিক্ষার্থীরা তিনভাবে জানতে পারবেন বলে জানিয়েছে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

প্রথমত, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফল দেখা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল জানতে পারবে।

দ্বিতীয়ত, সব শিক্ষা বোর্ডের ফলাফল একটি ওয়েবসাইট থেকেও দেখা যাবে। ওয়েবসাইটটি হলো rescrutiny.eduboardresults.gov.bd। সেখানে প্রয়োজনীয় তথ্য দিয়ে যেকোনো বোর্ডের শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষণের ফল সংগ্রহ করতে পারবে।

তৃতীয়ত, পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তার ফলাফল জানিয়ে দেওয়া হবে।

এমইউ
আরও পড়ুন