মানসম্মত পাঠ্যবই নিশ্চিতে মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ এএম

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুণগত মান সরেজমিনে পরখ করতে ঢাকার ছয়টি ছাপাখানায় আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার দিবাগত রাত ১২টার পর তিনি রাজধানীর এসব প্রেসে উপস্থিত হন।

পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে থাকা বিভিন্ন বইয়ের গাইড থেকে নমুনা বের করে মান যাচাই করেন। সেই সাথে তিনি প্রচ্ছদ, কাগজ ও ছাপার সার্বিক মান অত্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এনসিটিবি সূত্র জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষের জন্য প্রায় ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি পাঠ্যবই ছাপানোর বিশাল কর্মযজ্ঞ চলছে। যথাসময়ে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্মত বই পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পরিদর্শন কার্যক্রম চালানো হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নতুন বছরের ১ জানুয়ারি সারাদেশের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার প্রস্তুতি শেষ পর্যায়ে। এর মধ্যে প্রাক-প্রাথমিক ও প্রাথমিকে ৮ কোটি ২১ লাখের বেশি এবং মাধ্যমিকে প্রায় ১৮ কোটি কপি বই ছাপা হচ্ছে।

পাশাপাশি দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বই এবং নতুন যুক্ত হওয়া বেশ কিছু পাঠ্যবইও ছাপানো হচ্ছে। সব মিলিয়ে ২০২৭ শিক্ষাবর্ষের এই বই ছাপাতে সরকারের প্রায় ১,৮৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে।

এনসিটিবির সদস্য (টেক্সট) অধ্যাপক মোহাম্মদ আবু নাসের টুকু গণমাধ্যমকে বলেন, ‘পাঠ্যবই ছাপানোর কাজ পুরোদমে চলছে। নির্ধারিত সময়ের আগেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই পৌঁছে দেওয়া হবে।’ 

এবার ১ জানুয়ারি সব বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে তারা আশা করছেন।

এইচএন
আরও পড়ুন