‘সির সির’-এর পর নোরা–সঞ্জয়ের নতুন চমক ‘চ্যাম্পিয়নস’

আপডেট : ২৮ জুন ২০২৬, ১১:১৯ এএম

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ‘সির সির’ গানের বৈশ্বিক সাফল্যের পর এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব এবং বলিউড তারকা নোরা ফাতেহি। তাদের নতুন গান ‘চ্যাম্পিয়নস’ (ফি কোল মাকান) প্রকাশের পর থেকেই ফুটবল ও সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ইউটিউব ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে ইতোমধ্যেই দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়াচ্ছে গানটি।

সংশ্লিষ্টদের ভাষ্য, ‘সির সির’-এর জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত এই গানটি বিজয়, উদ্‌যাপন ও আত্মবিশ্বাসের বার্তা বহন করে। পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ার জানজিবারের মনোমুগ্ধকর সমুদ্রতীরবর্তী লোকেশনে মাত্র এক দিনেই সম্পন্ন হয়েছে গানটির চিত্রায়ণ। এতে নোরা ফাতেহির সঙ্গে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় আফ্রিকান শিল্পী রায়ভানি। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সঞ্জয় দেব।

গানটিকে ‘দ্য ভিক্টরি অ্যান্থেম ফর দ্য ওয়ার্ল্ড’ বা বিশ্বজয়ের সংগীত হিসেবে আখ্যায়িত করেছেন নির্মাতারা। তাদের মতে, বিশ্বের সব বিজয়ী ও চ্যাম্পিয়নদের উদ্‌যাপন করতেই তৈরি হয়েছে এই বিশেষ গান। ইউটিউবের পাশাপাশি বিশ্বের জনপ্রিয় মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়েও গানটি শোনা যাচ্ছে।

উচ্ছ্বাস ও অনুপ্রেরণায় ভরপুর গানের কথায় উঠে এসেছে বিজয়ের এক ঐতিহাসিক মুহূর্তকে একসঙ্গে উদ্‌যাপনের আহ্বান। গানের বার্তায় বলা হয়েছে, ইতিহাস গড়ার এই মুহূর্তে সবাইকে এক কাতারে দাঁড়িয়ে বিজয়ের আনন্দ ভাগ করে নিতে হবে। চারদিকে উৎসবের আবহ, প্রতিটি শহরের প্রতিটি রাস্তায় ছড়িয়ে পড়েছে সেই উন্মাদনা। লাখো কণ্ঠ এক সুরে মিলেছে, আর হৃদয়ের স্পন্দন যেন বিজয়ের ঢাকের তালে অনুরণিত হচ্ছে। সীমাহীন এই উদ্‌যাপনকে এগিয়ে নেওয়ার বার্তাই ফুটে উঠেছে পুরো গানে।

প্রকাশের পর থেকেই ইউটিউবে গানটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের দর্শক-শ্রোতারা। বিশেষ করে বাংলাদেশ ও তানজানিয়াসহ নানা দেশের ভক্তরা কমেন্টে গানটির সুর, সংগীতায়োজন ও মনোমুগ্ধকর দৃশ্যায়নের প্রশংসা করছেন।

গানটি মুক্তির আগেই সামাজিক মাধ্যমে নোরা ফাতেহি ও সঞ্জয় দেবের প্রচারণা ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। আর প্রকাশের পর সেই আগ্রহ রূপ নিয়েছে বৈশ্বিক উন্মাদনায়।

AM/SN
আরও পড়ুন