বাংলাদেশ ও ভারতের দর্শকদের কাছে সমান জনপ্রিয়তা অর্জন করা অভিনেত্রী জয়া আহসান দুই দেশেরই দর্শককে নিজের অভিনয় দক্ষতায় সমানভাবে মুগ্ধ করে চলেছেন। পর্দায় তার উপস্থিতি যেন ভৌগোলিক সীমারেখার বিভাজন ভুলিয়ে দিয়ে এক অভিন্ন ভালোবাসার আবহ তৈরি করে। আজ (১ জুলাই) এই গুণী অভিনেত্রীর জন্মদিন।
বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে। ভক্তদের পাশাপাশি সহকর্মীরাও জানাচ্ছেন আন্তরিক শুভকামনা।

জন্মদিন উপলক্ষে অভিনেতা চঞ্চল চৌধুরী দুটি ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি স্ত্রী ও সন্তানসহ জয়ার প্রতি ফুলেল শুভেচ্ছা জানান। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান একজনই।’ সঙ্গে জুড়ে দিয়েছেন কালো রঙের হার্ট ইমোজি।
চঞ্চলের ওই পোস্টে অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন আরো অনেকে।
উল্লেখ্য, জয়া আহসানের আসল নাম জয়া মাসউদ। জন্মেছেন গোপালগঞ্জে। বাবা ছিলেন মুক্তিযোদ্ধা, মা শিক্ষক। ছোটবেলা থেকেই নাচ, গান, ও ছবি আঁকায় হাতেখড়ি। বড় হয়ে আসেন অভিনয়ে। ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর ‘ডুবসাঁতার’, ‘গেরিলা’, ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘খাঁচা’, ‘দেবী’, ‘বিউটি সার্কাস’সহ অনেক ছবিতে দেখা গেছে তাকে। আর ভারতে তিনি মুগ্ধতা ছড়িয়েছেন ‘বিসর্জন’, ‘এক যে ছিল রাজা’, ‘বিজয়া’, ‘বিনিসুতোয়’, ‘অর্ধাঙ্গিনী’, ‘দশম অবতার’, ‘কড়ক সিং’-এর মতো ছবিতে।
দেশে অভিনয়ের জন্য পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জয়া। এছাড়া নয়বার পেয়েছেন মেরিল-প্রথম আলো পুরস্কার। ভারতেও তাক লাগিয়েছেন অভিনেত্রী। তিনবার জিতেছেন ফিল্মফেয়ার (বাংলা) পুরস্কারও।
জয়া বর্তমানে ব্যস্ত রয়েছেন পশ্চিমবঙ্গে তার নতুন ছবি ‘আজও অর্ধাঙ্গিনী’র প্রচারে। কৌশিক গাঙ্গুলির ছবিটি মুক্তি পাবে ১০ জুলাই। এতে জয়ার সঙ্গে আছেন কৌশিক সেন ও চূর্ণী গাঙ্গুলির মতো তুখোড় অভিনয়শিল্পীরা।
রাফী-সাদের নতুন সিনেমা ‘আইজ’, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি
শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত মুস্তাফা মনোয়ার