দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই মুখ বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানাকে ঘিরে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটছে আজ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে সাতপাকে বাঁধা পড়ছেন এই তারকা জুটি। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল রিসোর্টে বসছে তাঁদের বিয়ের জমকালো আসর। পর্দার প্রেম এবার বাস্তব জীবনের পরিণয়ে রূপ নিতে যাচ্ছে।
দীর্ঘদিন ধরে নিজেদের সম্পর্ক নিয়ে লুকোচুরি খেললেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন এই জুটি। ‘দ্য ওয়েডিং অব বিরোশ’ শিরোনামে দেওয়া তাদের সেই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। মূলত ভক্তদের দেওয়া ‘বিজয়’ এবং ‘রাশমিকা’ নামের সংমিশ্রণ ‘বিরোশ’ নামটিকে ভালোবেসেই নিজেদের বিয়ের আয়োজনে ঠাঁই দিয়েছেন তারা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের আয়োজনে দক্ষিণ ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার এক অপূর্ব সংমিশ্রণ থাকছে। দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে অত্যন্ত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে এই রাজকীয় বিয়ে।
উদয়পুরে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে আগামী ৪ মার্চ হায়দরাবাদে চলচ্চিত্র জগতের বন্ধুদের জন্য একটি জমকালো বিবাহোত্তর সংবর্ধনার (রিসেপশন) আয়োজন করেছেন এই নবদম্পতি। প্রিয় তারকা জুটির নতুন জীবনের শুরুতে সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন বিজয় ও রাশমিকা।
‘ব্যাচেলর হানিমুনে’ বিজয়-রাশমিকা
