ভারতীয় ক্রিকেটারকে ঘিরে শেহনাজ গিলের প্রেমের গুঞ্জন

আপডেট : ১৫ মে ২০২৬, ০৯:২১ পিএম

বলিউড ও ক্রিকেট-এই দুই ভুবনের প্রেম নতুন কিছু নয়। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হলো অভিনেত্রী শেহনাজ গিলের নাম। চলতি আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে দেখা যাচ্ছে এই সুদর্শনীকে। আর তা থেকেই ডালপালা মেলছে নতুন এক প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, আরসিবির তরুণ ক্রিকেটার দেবদূত পাড়িক্কলের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা।

শেহনাজ গিল কেন শুধু আরসিবির ম্যাচেই নিয়মিত হাজির হচ্ছেন, তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল ছিল আগে থেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই জল্পনা আরও বাড়িয়ে দেন তিনি নিজেই। প্রিয় ক্রিকেটারের নাম জানতে চাওয়া হলে শেহনাজ বলেন, ‘আমি বিরাট কোহলিকে ভালোবাসি। তবে মাঠে দেবদূত পাড়িক্কলকে খেলতে দেখতে আমার দারুণ লাগে।’ প্রিয় ক্রিকেটারের প্রতি এমন প্রকাশ্য প্রশংসা নেটিজেনদের নজর এড়ায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও আরসিবির প্রতি নিজের টান লুকিয়ে রাখছেন না শেহনাজ। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘দিল আরসিবি মে হ্যায়’ (আমার মন পড়ে আছে আরসিবিতে)। আরসিবির জার্সি গায়ে তার উচ্ছ্বসিত ছবি ও ভিডিও দেখে ভক্তরা তাকে এখন ‘আরসিবির লাকি গার্ল’ হিসেবেও ডাকছেন। যদিও প্রেমের গুঞ্জন নিয়ে শেহনাজ বা দেবদূত পাড়িক্কল-এখনো কেউ মুখ খোলেননি।

পাঞ্জাবি বিনোদন জগৎ থেকে উঠে আসা শেহনাজ ‘বিগ বস ১৩’–এর মাধ্যমে রাতারাতি তারকা বনে যান। সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির মাধ্যমে বলিউডে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। তাঁর সবশেষ ছবি ‘ইক কুড়ি’ মুক্তি পেয়েছে ২০২৫ সালে। তবে ক্যারিয়ারের পাশাপাশি দেবদূত পাড়িক্কলের সঙ্গে তাঁর এই কথিত সম্পর্ক এখন টিনসেল টাউন ও ক্রিকেট পাড়ার সবচেয়ে আলোচিত বিষয়।

FJ
আরও পড়ুন