অক্ষয় কুমার অভিনীত কমেডি ছবি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ বক্স অফিসে ধারাবাহিকভাবে ভালো ব্যবসা করছে। মঙ্গলবারের (৩০ জুন) ‘ব্লকবাস্টার টিউজডে’ টিকিট অফারের সুফলও পেয়েছে ছবিটি। ফলে সোমবারের তুলনায় এদিন আরও বেশি আয় করেছে আহমেদ খান পরিচালিত সিনেমাটি। বর্তমান ধারা অব্যাহত থাকলে প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় ৯৬ থেকে ৯৮ কোটি রুপিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের ইতিবাচক সাড়া পাচ্ছে তারকাবহুল এই কমেডি। সপ্তাহান্তে দুর্দান্ত ব্যবসার পরই ছবিটি বড় হিট হওয়ার আভাস মিলেছিল। সোমবার (২৯ জুন) প্রত্যাশার চেয়েও ভালো আয় করার পর মঙ্গলবার (৩০ জুন) বক্স অফিসে গতি আরও বেড়েছে। ‘ভূত বাংলা’র পর চলতি বছরে অক্ষয় কুমারের ঝুলিতে আরও একটি সফল ছবি যোগ হতে চলেছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা।
পেইড প্রিভিউ শোসহ সপ্তাহান্তে ছবিটির মোট আয় দাঁড়ায় ৬৩ কোটি ৭৫ লাখ রুপি। শুক্রবারের তুলনায় শনিবার এবং রোববার আয় আরও বেড়ে যায়। ইতিবাচক ‘ওয়ার্ড অব মাউথ’-এর প্রভাব পড়ে সোমবারও। প্রথম সোমবারে শুক্রবারের তুলনায় প্রায় ৫০ শতাংশ আয় কমলেও ছবিটি ৮ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করে।

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে চালু থাকা ‘ব্লকবাস্টার টিউজডে’ অফারের সুবিধা পেয়েছে ছবিটি। এই অফারের আওতায় দর্শকেরা মাত্র ১৯৯ রুপিতে টিকিট কিনতে পেরেছেন। প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির পঞ্চম দিনে ছবিটির আয় হয়েছে ৯ কোটি ২৫ লাখ রুপি।
ফলে পাঁচ দিনে ভারতে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর মোট নিট আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৫০ লাখ রুপি। বিশ্লেষকদের মতে, কর্মদিবসগুলোতেও যদি এই ধারা বজায় থাকে, তবে প্রথম সপ্তাহ শেষে ছবিটি প্রায় ১০০ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
অক্ষয় কুমার জানিয়েছেন, ছবিটির নির্মাণ ব্যয় প্রায় ১১৫ কোটি রুপি। সে হিসেবে দ্বিতীয় সপ্তাহান্তেই সিনেমাটি বক্স অফিসে ‘হিট’ তকমা অর্জন করতে পারে।
উল্লেখ্য, ২০০৭ সালে আনিস বাজমী পরিচালিত ‘ওয়েলকাম’ মুক্তি পেয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এতে অভিনয় করেছিলেন নানা পাটেকর, অনিল কাপুর, পরেশ রাওয়াল, ফিরোজ খান, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ ও মল্লিকা শেরাওয়াত। পরে ২০১৫ সালে মুক্তি পায় এর সিকুয়েল ‘ওয়েলকাম ব্যাক’, যেখানে অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফের পরিবর্তে অভিনয় করেন জন আব্রাহাম ও শ্রুতি হাসান।
এবারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ পরিচালনা করেছেন আহমেদ খান। ছবিতে অক্ষয় কুমারের পাশাপাশি অভিনয় করেছেন সুনীল শেঠি, আরশাদ ওয়ারশি, পরেশ রাওয়াল, জ্যাকি শ্রফ, শ্রেয়স তলপড়ে, জনি লিভার, রাজপাল যাদব, রাভিনা ট্যান্ডন, দিশা পাটানি, জ্যাকুলিন ফার্নান্দেজ, ফরিদা জালালসহ আরও অনেক তারকা।
'তুমি আমাদের গর্ব' জয়ার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে চঞ্চল
রাফী-সাদের নতুন সিনেমা ‘আইজ’, আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃতি
গোবিন্দের পরকীয়া নিয়ে মুখ খুললেন স্ত্রী সুনীতা আহুজা