হাইতিতে পুলিশের অভিযানে ৩৪ গ্যাং সদস্য নিহত

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:২৭ পিএম

পোর্ট-অ-প্রিন্স, হাইতি: হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দক্ষিণে মার্তিসাঁ এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে সশস্ত্র গ্যাংয়ের ৩৪ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় পুলিশ (পিএনএইচ)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এলাকায় সক্রিয় গ্র্যান্ড রাভিন গ্যাংয়ের নেতা রেনেল দেস্তিনা ওরফে তি লাপলির ব্যবহৃত একটি গোপন আস্তানাকে লক্ষ্য করে অভিযান চালানো হয়।

বিবৃতির সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, সাঁজোয়া যানগুলো এলাকার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। পরে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। ভবনটি গ্যাং সদস্যদের ব্যবহৃত বলে ধারণা করা হচ্ছে।

নিহত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানায়নি পুলিশ। গ্যাং নেতা তি লাপলি নিহতদের মধ্যে রয়েছেন কি না, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

হাইতি২৪ বৃহস্পতিবার জানিয়েছে, নিরাপত্তা বাহিনী মার্তিসাঁ এলাকায় একটি ভবন ধ্বংস করেছে। ভবনটি তি লাপলির গ্যাং সদস্যদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো বলে অভিযোগ রয়েছে।

সশস্ত্র গোষ্ঠীগুলোর ব্যবহৃত স্থাপনা ধ্বংসের লক্ষ্যে পুলিশের অভিযানের সময় ভবনটিতে হামলা চালানো হয় বলে সংবাদমাধ্যমটি জানিয়েছে।

মার্তিসাঁ পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দক্ষিণ হাইতির যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। এলাকাটি দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা ও সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ নিয়ে সংঘাতের শিকার।

গ্র্যান্ড রাভিন পোর্ট-অ-প্রিন্সের মহানগর এলাকায় সক্রিয় কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর একটি। রাজধানীর প্রভাবশালী গ্যাং নেতাদের একজন হিসেবে পরিচিত তি লাপলি।

হাইতিতে দীর্ঘদিন ধরে গ্যাং সহিংসতা বেড়েই চলেছে। সশস্ত্র গোষ্ঠীগুলো রাজধানীর বড় অংশ নিয়ন্ত্রণ করছে। তারা অপহরণ, হত্যাকাণ্ড এবং সরকারি অবকাঠামোয় হামলাসহ বিভিন্ন অপরাধে জড়িত।

দেশটিতে নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা ও গ্যাং নেটওয়ার্ক দুর্বল করতে কর্তৃপক্ষ পুলিশের অভিযান জোরদার করেছে।

এসজেড/ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত