জেলার ২-এর নতুন গান নিয়ে রজনীকান্ত ভক্তদের উচ্ছ্বাস

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৮:৪২ পিএম

রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ছবি জেলার ২ মুক্তির আগেই নতুন গান নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা। শুক্রবার (২১ আগস্ট) মুক্তি পেয়েছে ছবিটির পূর্ণাঙ্গ গান আলা বোলোলো। প্রকাশের পরপরই গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস।

২০২৩ সালে মুক্তি পাওয়া জেলার-এর সিক্যুয়েল জেলার ২। ছবিটি আগামী অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে ছবিটির গান ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) আলা বোলোলো গানের ৩২ সেকেন্ডের একটি প্রচারণামূলক ভিডিও প্রকাশ করা হয়েছিল। তবে সেটি প্রকাশের পর গানের মালয়ালম উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়।

পূর্ণাঙ্গ গান প্রকাশের পর অবশ্য সেই সমালোচনার চিত্র অনেকটাই বদলে গেছে। গানটির ছন্দ, দৃশ্যায়ন ও পরিবেশনা নিয়ে রজনীকান্ত ভক্তদের বড় একটি অংশ উচ্ছ্বাস প্রকাশ করছেন।

এক ভক্ত সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, গানটি প্রেক্ষাগৃহে দর্শকদের মাতিয়ে দেবে। তার মতে, জেলার-এর কাভালা এবং টাইগার মুথুভেল পান্ডিয়ান ইনভেস্টিগেশন গানের মতোই নতুন গানটিও বড় পর্দায় দারুণ প্রতিক্রিয়া তৈরি করবে।

আরেকজন গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, এটি দুর্দান্ত একটি গান এবং রজনীকান্ত ভক্তদের জন্য বড় পর্দায় দেখার মতো অভিজ্ঞতা হতে যাচ্ছে।

অন্য এক দর্শক গানটির ছন্দ, বড় পরিসরের নির্মাণ ও দৃশ্যায়নের প্রশংসা করেছেন। তার মতে, গানটি সহজেই জনপ্রিয়তার শীর্ষে উঠতে পারে। কোরিওগ্রাফিরও প্রশংসা করেছেন তিনি।

জেলার ২ পরিচালনা করেছেন নেলসন দিলীপকুমার। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। নতুন গান প্রকাশের পর এখন ছবিটির মূল মুক্তি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সূত্র: এনডিটিভি

AS
আরও পড়ুন