ভারতে আদিত্য জাম্ভালে পরিচালিত ‘আর্টিকেল ৩৭০’ মুক্তির প্রথম দিনই সাফল্য পেয়েছে। ইয়ামি গৌতম অভিনীত সিনেমাটি সব মিলিয়ে এখন পর্যন্ত ২৩ কোটি রুপির ব্যবসা করেছে। তবে তার অভিনীত এই সিনেমাটি ভারতের বাইরেও বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হলেও উপসাগরীয় অঞ্চলে এটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগেও এই অঞ্চলে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছিলো। মধ্যপ্রাচ্য অঞ্চলে বলিউড বা হিন্দি সিনেমার প্রচুর দর্শক রয়েছে। মধ্যপ্রাচ্যে কেন ‘আর্টিকেল ৩৭০’ নিষিদ্ধ করা হয়েছে তার কারণ জানা যায়নি।
‘আর্টিকেল ৩৭০’ সিনেমাটি কাশ্মীর উপত্যকার পটভূমিকায় নির্মিত হয়েছে। বর্তমানে দেড় হাজারের বেশি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। ছবিটি প্রযোজনা করেছেন ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর, জ্যোতি দেশপাণ্ডে ও লোকেশ ধর।
