গোপনে বিয়ে সেরেছেন জেন্ডায়া ও টম হল্যান্ড

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০১:৪৬ পিএম

হলিউডের পর্দা কাঁপানো ‘স্পাইডার-ম্যান’ জুটি জেন্ডায়া ও টম হল্যান্ডের প্রেমের খবর ভক্তদের সবারই জানা। তবে এবার গুঞ্জন উঠেছে, এই জনপ্রিয় জুটি কি লোকচক্ষুর অন্তরালে বিয়ে সেরে ফেলেছেন? সম্প্রতি জেন্ডায়ার অত্যন্ত ঘনিষ্ঠ এবং জনপ্রিয় তারকা স্টাইলিস্ট ল রচ এর এক চাঞ্চল্যকর মন্তব্যে এই প্রশ্নটিই এখন হলিউডজুড়ে তুঙ্গে।

গত রোববার (১ মার্চ) আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হন ল রচ। সেখানে ‘অ্যাক্সেস হলিউড’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে সম্পন্ন হয়েছে। সাংবাদিক যখন অবাক হয়ে এই খবরের সত্যতা জানতে চান, তখন রহস্যময় হাসিতে উত্তর দেন ‘এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।’

ল রচের এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে। তবে এই বিয়ের খবর নিয়ে এখন পর্যন্ত জেন্ডায়া বা টম হল্যান্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। এমনকি তাদের প্রতিনিধিরাও এ বিষয়ে মুখ খোলেননি।

এই তারকা জুটি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কয়েক বছর ধরে প্রেম করলেও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেন না তারা।

গত বছরের জানুয়ারিতে জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদানের গুঞ্জন প্রথম ডানা মেলে। টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড তার একটি অনলাইন প্ল্যাটফর্মে জানিয়েছিলেন যে, টম একটি আংটি কিনেছেন এবং জেন্ডায়ার বাবার অনুমতি নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করেছিলেন। এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে জেন্ডায়ার আঙুলে ৫ ক্যারেটের একটি হীরার আংটি দেখা যাওয়ায় তাদের বাগদানের বিষয়টি ভক্তদের কাছে প্রায় নিশ্চিত হয়ে যায়।

পর্দায় জেন্ডায়া ও টম হল্যান্ডের রসায়ন প্রথম দেখা যায় ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায়। এরপর ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ তাদের অনস্ক্রিন ভালোবাসা অফস্ক্রিন বাস্তবতায় রূপ নেয়। এখন তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় দিন গুনছেন বিশ্বজুড়ে অগনিত ভক্ত।

NB
আরও পড়ুন