‘লর্ড অব দ্য রিংস’ এ ফিরছেন কেট উইন্সলেট

আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৩:০৭ পিএম

দীর্ঘ দুই দশক পর আবারও নির্মাতা পিটার জ্যাকসনের আঙিনায় ফিরছেন ‘টাইটানিক’ খ্যাত অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। তবে এবার কোনো সাধারণ গল্পে নয়, তিনি সরাসরি পা রাখছেন জে আর আর টলকিনের মহাকাব্যিক দুনিয়া ‘মিডল আর্থ’-এ। ‘লর্ড অব দ্য রিংস’ সিরিজের নতুন সিনেমা ‘দ্য লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গলাম’-এ প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন তিনি।

১৯৯৪ সালে পিটার জ্যাকসনের ‘হেভেনলি ক্রিয়েচার্স’ সিনেমার মাধ্যমেই কেট উইন্সলেটের ক্যারিয়ারের মোড় ঘুরেছিল। দীর্ঘ ৩০ বছর পর সেই গুরুর হাত ধরেই এবার ফ্যান্টাসি জগতের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখালেন তিনি। জানা গেছে, মে মাসের শেষ থেকে অক্টোবর পর্যন্ত নিউজিল্যান্ডের মনোরম লোকেশনে এই ছবির শুটিং চলবে। কেটকে এই চরিত্রে রাজি করাতে পরিচালক অ্যান্ডি সার্কিস ও প্রযোজক পিটার জ্যাকসনকে দীর্ঘ সময় ব্যয় করতে হয়েছে।

কেট উইন্সলেট ছাড়াও এই ছবিতে পুরোনো অনেক জনপ্রিয় মুখকে দেখা যাবে। ‘ফ্রোডো’ চরিত্রে আবারও বড় পর্দায় ফিরছেন এলাইজা উড। জাদুকর ‘গ্যান্ডালফ’ হিসেবে দেখা যাবে কালজয়ী অভিনেতা ইয়ান ম্যাককেলানকে। সিনেমাটি পরিচালনা করছেন অ্যান্ডি সার্কিস, যিনি এই সিরিজের জনপ্রিয় চরিত্র ‘গোল্লাম’-এ অভিনয় করেছিলেন।

২০২৪ সালে ওয়ার্নার ব্রাদার্স এই মেগা প্রজেক্টের ঘোষণা দিলেও সম্প্রতি কেট উইন্সলেটের যুক্ত হওয়ার খবরটি বিশ্বজুড়ে ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। উল্লেখ্য, অ্যামাজনের বর্তমান সিরিজ ‘দ্য রিংস অফ পাওয়ার’-এর সঙ্গে এই সিনেমার কোনো কাহিনীগত সম্পর্ক নেই। সবকিছু ঠিক থাকলে সিনেমাটি ২০২৭ সালের ১৭ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

NB
আরও পড়ুন