মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের (এমসিইউ) বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর ট্রেলার মুক্তির পরপরই এক অনন্য বিশ্বরেকর্ড স্থাপন করেছে। গত ১৭ মার্চ ট্রেলারটি প্রকাশের মাত্র চার দিনের মাথায় এটি ১০০ কোটি (১ বিলিয়ন) ভিউয়ের মাইলফলক স্পর্শ করে ইতিহাস গড়েছে। ওয়েভমেট্রিক্সের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার এই ঐতিহাসিক রেকর্ড নথিভুক্ত হয়।
এর আগে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ভিউয়ের রেকর্ডটি ছিল রায়ান রেনল্ডস ও হিউ জ্যাকম্যানের ‘ডেডপুল অ্যান্ড উলভারিন’ সিনেমার দখলে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রকাশের পর প্রথম দিনেই এটি ৩৬ কোটি ৫০ লাখ ভিউ পেয়েছিল। তারও আগে টম হল্যান্ডের ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ পেয়েছিল ৩৫ কোটি ৫৫ লাখ ভিউ। তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে ‘ব্র্যান্ড নিউ ডে’ প্রথম ২৪ ঘণ্টাতেই রেকর্ড গড়েছে ৭১ কোটি ৮৬ লাখ ভিউয়ের।
ট্রেলারে দেখা যায়, আগের কিস্তির রেশ ধরেই এগিয়েছে এবারের কাহিনী। জাদুকরী মন্ত্রের প্রভাবে পিটার পার্কার এখন এমন এক পৃথিবীতে বাস করছেন, যেখানে কেউ তাকে চেনে না। কোনো পরিচিতি বা ব্যক্তিগত সম্পর্ক ছাড়াই তাকে অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যেতে হচ্ছে। স্পাইডার-ম্যান হিসেবে অশুভ শক্তির মোকাবিলা করলেও আগের মতো প্রিয়জনদের মানসিক সমর্থন এবার তার পাশে নেই।

ট্রেলারের সবচেয়ে আবেগঘন অংশ ছিল পিটার পার্কার ও এমজের (জেনডায়া) রসায়ন। সেখানে দেখা যায়, এমজে তার জীবনে এগিয়ে গেলেও পিটারের কথা তার কিছুই মনে নেই। অন্যদিকে পিটারের মনে গভীর মমতা থাকলেও এমজেকে বিপদমুক্ত রাখতে সে সচেতনভাবে দূরত্ব বজায় রাখছে। পুরো ট্রেলার জুড়ে একাকী লড়াই ও স্পাইডার-ম্যানের চারিত্রিক পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে।
মার্ভেল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সব ঠিক থাকলে আগামী ৩১ জুলাই সিনেমাটি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
আর দেখা যাবে না ‘স্পাইডার-ম্যান’
