পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা আবারও নাচের ছন্দে বিশ্ব মাতাতে প্রস্তুত। দীর্ঘ সাত বছরের বিরতি ভেঙে ৬৭ বছর বয়সে নিজের নতুন স্টুডিও অ্যালবাম ‘কনফেশনস অন এ ড্যান্স ফ্লোর: পার্ট ২’ (Confessions on a Dance Floor: Part 2) প্রকাশের ঘোষণা দিয়েছেন এই পপসম্রাজ্ঞী। ২০০৫ সালের বিশ্বখ্যাত ও আইকনিক অ্যালবাম ‘কনফেশনস অন এ ড্যান্স ফ্লোর’-এর সিক্যুয়াল হিসেবে এটি আগামী ৩ জুলাই ‘ওয়ার্নার রেকর্ডস’-এর অধীনে মুক্তি পেতে যাচ্ছে।
এই অ্যালবামের বিশেষত্ব হলো দীর্ঘ দুই দশক পর আবারও একসঙ্গে কাজ করছেন ম্যাডোনা ও প্রখ্যাত প্রযোজক স্টুয়ার্ট প্রাইস। ২০০৫ সালের সেই অ্যালবামের ‘হাং আপ’, ‘সরি’ ও ‘জাম্প’-এর মতো কালজয়ী গানগুলোর সাফল্যের নেপথ্যে বড় ভূমিকা ছিল প্রাইসের। দীর্ঘ ১৮ বছর পর পুনরায় ওয়ার্নার রেকর্ডসের ব্যানারে গান প্রকাশ করতে যাচ্ছেন ম্যাডোনা।
বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যালবামের আনুষ্ঠানিক ঘোষণা দেন তিনি। সেখানে একটি জমকালো কভার আর্ট শেয়ার করেন ম্যাডোনা, যেখানে তাকে বেগুনি রঙের স্পিকারের ওপর বসে থাকতে দেখা যায়। একই সঙ্গে তিনি অ্যালবামের প্রথম গানের একটি ছোট অংশ বা ‘টিজার’ শেয়ার করে ভক্তদের উন্মাদনা বাড়িয়ে দিয়েছেন।
নতুন এই প্রজেক্ট প্রসঙ্গে ম্যাডোনা ও স্টুয়ার্ট প্রাইস এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, ‘আমাদের নাচতে হবে, উদযাপন করতে হবে এবং শরীর দিয়ে প্রার্থনা করতে হবে। হাজার বছর ধরে ড্যান্স ফ্লোর হলো এমন একটি জায়গা, যেখানে মানুষ নিজের ক্ষত ও অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপন করে। এটি আসলে এক ধরনের আধ্যাত্মিক চর্চা।’
নিজের ক্যারিয়ারের সূচনালগ্ন স্মরণ করে ম্যাডোনা বলেন, ‘নিউইয়র্ক শহরে শিল্পী হিসেবে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই ওয়ার্নার রেকর্ডস আমার সত্যিকারের সহযাত্রী ছিল। আবার তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতে আমি আরও অপ্রত্যাশিত কিছু করতে চাই এবং সংগীতের মাধ্যমে প্রয়োজনীয় কিছু আলোচনা উসকে দিতে চাই।’
উল্লেখ্য, আশির দশকের শুরুতে ‘লাইক আ ভার্জিন’ ও ‘লাইক আ প্রেয়ার’-এর মতো সুপারহিট গান দিয়ে বিশ্বব্যাপী পপসম্রাজ্ঞী হিসেবে প্রতিষ্ঠিত হন ম্যাডোনা। নতুন এই অ্যালবামের মাধ্যমে তিনি আবারও প্রমাণ করতে চলেছেন যে, বয়স কেবলই একটি সংখ্যা।
গান গেয়ে রেকর্ড গড়লেন ম্যাডোনা
গুরুতর অসুস্থ পপ কুইন ম্যাডোনা